২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরা কলাগাছের শহীদ মিনার বানিয়ে ফুল দেই’

যশোরের শার্শা উপজেলার প্রায় ৮০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে যেতে হয় অন্য প্রতিষ্ঠানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2022, 12:42 PM

Updated : 02 Aug 2022, 02:58 PM

পরিসংখ্যান অনুযায়ী, উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার সংখ্যা ২৬৩টি। এর মধ্যে শহীদ মিনার আছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ৫৫টি। কোনো মাদ্রাসায় শহীদ মিনার নেই।

শার্শা উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উপজেলায় মোট ২৬৩ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রি-ক্যাডেট এবং কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৫৪টি। মোট ১৮০টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৬২টিতে কোনো শহীদ মিনার নেই। মাত্র ২৩টি বিদ্যালয়ে শহীদ মিনার আছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী হাফিজুর রহমান বলেন, উপজেলায় ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৭টিতে শহীদ মিনার আছে। ১২টি কলেজের মধ্যে মাত্র পাঁচটিতে শহীদ মিনার আছে। ৩৩টি মাদ্রাসার মধ্যে একটিতেও কোনো শহীদ মিনার নেই।

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের জন্য নির্দেশনা দিয়ে চিঠি দেওয়ার পরও তারা নির্মাণে কোনো উদ্যোগ নেয়নি বলে জানান হাফিজুর।

উপজেলার সামটা ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোমিনুল ইসলাম বলেন, অর্থ বরাদ্দ না থাকায় শহীদ মিনার নির্মাণ করা হয়নি। তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষক-শিক্ষার্থীরা এক কিলোমিটার দূরের শহীদ মিনারে যায়।

নাভারন ফজিলাতুননেছা মহিলা কলেজের অধ্যক্ষ লায়লা আফরোজ বানু মলি বলেন, “আমাদের কলেজ ক্যাম্পাসে শহীদ মিনার না থাকায় বুরুজবাগান হাইস্কুলের কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা শ্রদ্ধা নিবেদন করি। তবে আমাদের ক্যাম্পাসে শহীদ মিনার নির্মাণের ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন উদ্যোগ নিয়েছেন।”

উপজেলার সামটা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আলি হোসেন বলেন, “আমাগের স্কুলি শহীদ মিনার নেই। তাই খুব খারাপ লাগে। আমরা কলাগাছের শহীদ মিনার বানিয়ে তাতে ফুল দেই। এবার স্কুল বন্ধ তাই বাড়ি বসে থাকব।”

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা বলেন, “শহীদ মিনার নির্মাণে সরকারি নির্দেশনা থাকলেও কোনো বরাদ্দ নেই। এটি বিদ্যালয় পরিচালনা পর্ষদ (কমিটি) স্থানীয়ভাবে ফান্ড সংগ্রহ করে নির্মাণ করতে পারেন। সরকারি-বেসরকারিভাবে ভাষা শহীদদের প্রতি সন্মান জানাতে শহীদ মিনার নির্মাণে সকলকে এগিয়ে আসতে হবে।”