২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তপন ফকিরের ‘টোটকা’: নৌকায় দুধ-গুড়ের রসে চিতই পিঠা

কেউ ডাকেন ‘তপন ফকির’, কারো কাছে ‘তপন সাধু’, আবার ‘তপন ওঝা’ নামেও ডাকেন এলাকাবাসী। তিনি প্রায় তিন যুগ ধরে ‘স্বপ্নে পাওয়া আদেশ মেনে’ নৌকার মধ্যে দুধ ও খেজুর গুড়ের রসে চিতই পিঠা ভিজিয়ে ‘টোটকা’ দিচ্ছেন ভক্তদের। ‘দৈবশক্তি’ বাড়াতেই এই আয়োজন বলে দাবি ফকিরের। দিনে দিনে পরিধি বাড়তে বাড়তে এখন রীতিমতো জমজমাট ফরিদপুরের নগরকান্দা উপজেলার ‘তপন ফকিরের দুধ-চিতইয়ের মেলা’।

ফরিদপুর প্রতিনিধি

শেখ মফিজুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2022, 07:23 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

তালমা গ্রামে তপন ফকিরের ‘ধামে’ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে তিন দিনের এই মেলা; হাজারও ভক্ত ও অনুসারীদের পদচারণায় শেষ হবে শনিবার মধ্যরাত পেরিয়ে।

তপন ফকির গণমাধ্যমকে বলেন, প্রায় তিন যুগ আগে হঠাৎ এক রাতে তিনি স্বপ্নে আদেশ পান। প্রতিবছর মাঘের শেষে ও ফাল্গুনের শুরুতে তিন দিন ধরে নৌকার মধ্যে দুধ-খেজুরের রসে ভিজিয়ে চিতই পিঠা এলাকাবাসী ও ভক্তদের খাওয়াতে হবে।

“এটা করলে আমার দৈবশক্তি বাড়বে এমন আদেশ পাই। সেই থেকে এর প্রতি বিশ্বাস; আর চিতই পিঠা খাওয়ানো শুরু। প্রতিবছর এ সময় গ্রামবাসী ও ভক্তদের জন্য নৌকায় ভেজানো দুধ-চিতই পিঠা খাওয়ানোর আয়োজন করে আসছি”, যোগ করেন ফকির।

তপন সাধুর বাড়ির খাদেম মো. আব্বাস খাদেম গণমাধ্যমকে বলেন, “এবার প্রতিদিন মেলায় পাঁচ মণ দুধ, এক মণ খেজুরের রস আর ১০ হাজার পিস চিতই পিঠা ভেজানো হয়। সন্ধ্যার পর থেকে শুরু হয়; চলে গভীর রাত পর্যন্ত। প্রতিদিনের আয়োজনের পুরোটাই শেষ হয়ে যায়।”

তালমা গ্রামের লোকজন জানান, তপন ফকির নানা অসুখে-বিসুখে মানুষকে ‘পড়া’, ‘টোটকা’ ইত্যাদি দিয়ে থাকেন। এলাকায় তার বেশকিছু অনুসারী আছেন। তারা নিয়মিতই তার কাছে আসেন। এই উৎসবের আয়োজনে মূলত তারাই থাকেন, কাজ করেন, শ্রম দেন। 

শুক্রবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, তপন ফকিরের বাড়িতে সাতটি মাটির চুলায়, গ্রামের বেশ কয়েকজন নারী চিতই পিঠা তৈরি করে চলেছেন। তার পাশেই বড় বড় পাতিলে জ্বাল দেওয়া হচ্ছে দুধ; আরেকটি পাত্রে ফুটানো হচ্ছে টাটকা খেজুরের রস। গোটা উঠানেই শামিয়ানা টানানো।

বাড়ির উঠানের মাঝখানে রাখা হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্ন ও রং করা একটি নৌকা। নৌকার মাঝখানে পলিথিন বিছানো, দুই গলুইয়ে লাগানো হয়েছে কয়েকটি লাল নিশান। নৌকার উপর ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে একটি বৈঠা। সারি সারি জ্বালানো হয়েছে মোমবাতি।

এ মেলা ঘিরে বসেছে রঙ-বেরঙের খেলনা, খাবার আর আচারের দোকান। উৎসব দেখতে স্থানীয়রা ছাড়াও দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করে দুধ-চিতই খেতে।

তপন ফকিরের ভক্তরা জানান, সন্ধ্যার পর পাতিলে দুধ আর খেজুরের রস মিশিয়ে ঢেলে দেওয়া হয় নৌকায়। এর মধ্যে ডুবিয়ে দেওয়া হয় চিতই পিঠা। বাটিতে তুলে তুলে পরিবেশন করা হয় ভক্ত ও দর্শনার্থীদের মাঝে। প্রতিদিনই মাঝরাত অব্দি এই উৎসব চলে।

জেলা সদর থেকে আগত দর্শণার্থী শোভন বলেন, “আমি জীবনে কোথাও দেখি বা শুনি নাই এরকম নৌকার মধ্যে ভেজানো পিঠার কথা। তাই দেখতে এসেছি। ব্যাতিক্রমী বটে। বেশ ভালো লাগছে। অনেক মানুষ এসেছে।” তালমা গ্রামের বাসিন্দা উৎপল কুমার রায় বলেন, “ব্যাতিক্রমী আয়োজন হবে জেনে এখানে পিঠা খেতে এসেছি। একদম গরম ভেজানো পিঠা। খুবই সুস্বাদু খেতে।”

তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে দেখে আসছি মাঘ মাসের শেষের দিকে তিন দিনব্যাপী এমন ধরনের আয়োজন করা হয়। স্থানীয় এলাকাবাসী ছাড়াও দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষের আগমন ঘটে এই আয়োজন দেখতে। এই তিনদিন গ্রামের মানুষ এ নিয়েই মেতে থাকে।”