ভিক্টোরিয়ান্সের হ্যাট্রিকে কুমিল্লাতে উৎসব, আনন্দ মিছিল
কুমিল্লা ভিক্টোরিয়ান্স তৃতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দে ভাসছে ভিক্টোরিয়ান্সের নগরী কুমিল্লা।
শুক্রবার রাতে শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে হারানোর পরপরই উৎসবের নগরীতে পরিণত হয় কুমিল্লা। রাত ১০টার দিকে বিজয় মিছিল নামে নগরীর প্রায় প্রতিটি এলাকায়। মিছিলের পাশাপাশি আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাস করেন নগরবাসীর।
শুধু নগরীই নয়, এ আনন্দ ছুঁয়ে গেছে জেলার ১৭টি উপজেলাতেও। জেলার সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট, দেবিদ্বার, চৌদ্দগ্রামসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল হওয়ার খবর পাওয়া গেছে।
আর নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভিক্টোরিয়ান্সের সমর্থকরা আসেন নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে। এ সময় ভিক্টোরিয়ান্সের জয়ধ্বনিতে মুখরিত হয়ে যায় গোটা এলাকা।
কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি ও বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনি বলেন, এবার ফাইনাল ফাইনালের মতোই হয়েছে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত কুমিল্লা লড়াই করে গেছে। পুরো ম্যাচটি ছিলো শ্বাসরুদ্ধকর। এই জয়ে আমরা কুমিল্লাবাসী আনন্দিত।
নগরীর কান্দিরপাড়ে মিছিলে স্লোগান দিতে থাকা মহিউদ্দিন আকাশ বলেন, খেলার শেষ সময়টা খুবই দারুণ ও উত্তেজনাকর ছিল। প্রতিটি বলই খেলার সমীকরণ বদলে দিচ্ছিল। এরপর এক রানের দারুণ এক বিজয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আনন্দে মিছিলে এসেছি। গোটা নগরী উৎসবে ভাসছে।
মাহফুজ আলম সোহেল নামের একজন বলেন, ভিক্টোরিয়ান্সের তিনটা শিরোপার মধ্যে এটাই সেরা বিজয়। কুমিল্লার এমন ঐতিহাসিক জয়ে আনন্দে উদ্বেলিত পুরো নগরী। আনন্দে আমরা মিষ্টি বিতরণ করেছি।
কান্দিরপাড় এলাকার ব্যবসায়ী আবুল বাশার কাঞ্চন বলেন, খেলা শেষ হওয়ার পরপরই মিছিলে মানুষের ঢল নামে কান্দিরপাড়ে। এ যেন এক উৎসবের নগরী। আমরাও বিজয় মিছিলে অংশগ্রহণ করেছি।
