গাজীপুরে পরিত্যক্ত পুকুরে মানবকঙ্কাল
গাজীপুর সদরে একটি পরিত্যক্ত পুকুর থেকে একটি মানবকঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে জয়দেবপুর থানাধীন বাঘেরবাজার এলাকা থেকে এই কঙ্কাল উদ্ধার করা হয় বলে জয়দেবপুর থানার এসআই মিরাজ আহমদ জানান।
তিনি সাংবাদিকদের জানান, দুপুরে ওই পুকুরের পাশের শিশুরা খেলা করছিল। এসময় মাথার খুলি ও হাড়সহ একটি পরিত্যক্ত বস্তা দেখতে পায় শিশুরা। পরে স্থানীয় লোকজন তাদের কাছে খবরটি শুনে জয়দেবপুর থানায় খবর দেয়। পুলিশ গিয়ে কঙ্কালটি উদ্ধার করে।
এ ব্যাপারে জয়দেবপুর থানার এসআই ওয়াকিল বলেন, আমরা খবর পেয়ে কঙ্কালটি উদ্ধার করেছি। এটির ডিএনএ পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হবে।
জয়দেবপুর থানার পরিদর্শক (অপারেশন) মুন্সি আবু কুদ্দুস জানান, ডিএনএ রিপোর্টের পর মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
