নোয়াখালীতে অটোরিকশা ছিনতাই চেষ্টার অভিযোগে পুলিশ কনস্টেবল বরখাস্ত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই চেষ্টার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন জানান, উপজেলার মুছাপুর ইউনিয়নের বটতলা এলাকায় রোববার রাতে অটোরিকশা ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
বরখাস্ত জিয়া উদ্দিন পারভেজ (২৪) জেলা পুলিশ লাইন্সে কনস্টেবল কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলার কচুয়া গ্রামে।
ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসাকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বরখাস্ত পুলিশ সদস্য বর্তমানে কোম্পানীগঞ্জ থানার হেফাজতে আছেন বলে সাজ্জাদ জানান।
কমিটির বাকি সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান ও ওসি সাজ্জাদ রোমন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি সাজ্জাদ বলেন, “রোববার রাত ৯টার দিকে জিয়া উদ্দিন কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে যাত্রী সেজে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। রাত সাড়ে ১০টার দিকে অটোরিকশাটি বটতলা এলাকায় পৌঁছলে চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালানোর চেষ্টা করেন জিয়া।
“এ সময় চালকের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে স্থানীয় মুক্তিযোদ্ধা বাজার এলাকা থেকে অটোরিকশাসহ জিয়াকে হাতেনাতে ধরে গনপিটুনি দিয়ে আটকে রাখে। এ সময় উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধে নানা রকম শ্লোগান দিতে থাকে।”
পরে জিয়কে জিয়াকে আটক করে থানায় আনা হয় বলে জানান তিনি।
ওসি বলেন, জিয়াকে উত্তেজিত জনতার কাছ থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সেখানে থেকে রাতে থানা হেফাজতে রেখে সোমবার জেলা পুলিশ লাইন্সে পাঠানো হয়।
“এ ঘটনায় অটোরিকশার চালক থানায় মামলা করতে চাননি। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
