২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাবেক স্বামীর’ আগুনে দগ্ধ পোশাককর্মীর মৃত্যু ১২ দিন পর

মানিকগঞ্জে অগ্নিদগ্ধ এক পোশাককর্মী বারো দিন পর মারা গেছেন, যার সাবেক স্বামী দাহ্য পদার্থ ঢেলে তার গায়ে আগুন দেয় বলে অভিযোগ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 08:04 PM

Updated : 28 Apr 2022, 11:38 PM

ঢাকা মেডিকেল কলেজ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১২টার দিকে এই নারী মারা যান বলে তার বড় ভাই [নাম প্রকাশ করা হলো না] জানিয়েছেন।

তিনি সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কাটাখালী-ফেরাজীপাড়া এলাকার বাসিন্দা।

২৮ জানুয়ারি মধ্যরাতে আগুনে তার হাত-মুখ ঝলসে যায়।

এ ঘটনায় এই নারীর সাবেক স্বামী নাঈমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

প্রয়াত এই নারীর বড় ভাই সাংবাদিকদের বলেন, তার বোন ধামরাই উপজেলার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। অফিসে যাওয়া আসার সময় রাস্তা-ঘাটের বিভিন্ন জায়গায় তাকে তার সাবেক স্বামী বিরক্ত করত। এমনকি তাকে আবার বিয়ে করে সংসার করার জন্য চাপও দিত।

“আমার বোন এই প্রস্তাবে রাজি না হওয়ায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে হাত ও মুখ ঝলসে দিয়েছে।”

ঘটনার বিবেরণে তিনি বলেন, গত ২৮ জানুয়ারি সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ফেরাজীপাড়া-কাটাখালীর বাড়িতে মা ও ছোট বোনকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে ছিলেন তার বোন। মধ্যরাতে তার সাবেক স্বামী নাঈম ভাঙা জানালা দিয়ে পেট্রোল ছুড়ে তাতে আগুন ধরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে তার হাত-মুখ পুড়ে যায়।

তিনি বলেন, বোনকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার অবনতি হলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা।

“১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা আজকে মারা গেছে।”

ঢাকা থেকে দুপুরে মরদেহ নিয়ে তারা গ্রামের উদ্দেশে রওয়ানা হয়েছেন বলে জানান।

তাদের মা সাংবাদিকদের বলেন, “মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকার এক ব্যক্তির সঙ্গে দুই বছর আগে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জামাই যৌতুকের জন্য মেয়েকে চাপ দিচ্ছিল। পরে পারিবারিকভাবে ‘মাদকাসক্ত’ স্বামীর সঙ্গে মেয়ের বিচ্ছেদ হয়ে যায়।

“এরপর থেকে প্রায়ই রাস্তাঘাটে মেয়েকে তার সাবেক স্বামী বিরক্ত করত। সংসার না করলে মেরে ফেলার হুমকিও দিত। এর জের ধরেই শুক্রবার রাতে ঘরের ভাঙা জানালা দিয়ে ‘এসিড মেরে’ মেয়ের মুখ ও হাত-মুখ ঝলসে দেয় সে।”