গোপালগঞ্জে যৌতুকের মামলায় ইমাম গ্রেপ্তার
স্ত্রীর যৌতুকের মামলায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেলার দরিপদ্মবিলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কাশিয়ানীর থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান সাদেকুল ইসলাম।
গ্রেপ্তার মো. তৈয়াবুর রহমান নাজিম (৩৮) উপজেলার তেঘরিয়া গ্রামের ওমর বিন খাত্তাব (রা.) জামে মসজিদের ইমাম।
মামলার বরাত দিয়ে এসআই জানান, ২০১০ সালে উপজেলার গোয়ালগ্রামের হাবিবুর রহমানের মেয়ে মাহমুদা খানমকে বিয়ে করেন নাজিম। কয়েক বছর সংসার করার পর মনোমালিন্যের কারণে স্ত্রী মাহমুদাকে তালাক দেন তিনি। এরপর নাজিম দ্বিতীয় বিয়ে করেন। চার বছর পর তাকেও তালাক দেন।
“এরপর নাজিম পুনরায় প্রথম স্ত্রী মাহমুদাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে নাজিম যৌতুকের দাবিতে স্ত্রী মাহমুদাকে নির্যাতন শুরু করেন। একপর্যায়ে মাহমুদা তার বাবার বাড়ি থেকে ৮০ হাজার টাকা এনে দেন। কিন্তু নাজিম ফের যৌতুক দাবি করেন এবং স্ত্রীকে নির্যাতন করেন।”
এসআই বলেন, “স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে মাহমুদা মঙ্গলবার সকালে যৌতুক নিরোধ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। বিকেলে ইমাম নাজিমকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
ওমর বিন খাত্তাব (রা.) জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বুলবুল আহম্মেদ বলেন, মসজিদে বয়ান করার সময় রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ায় অভিযোগে গত জানুয়ারি মাসে আমি ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করেছি।
