২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের দিনগুলোর ছবি হাতে শাবিতে হবে মৌন মিছিল

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2022, 11:36 AM

Updated : 25 Oct 2022, 10:13 AM

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে গণিত বিভাগের শিক্ষার্থী উমর ফারুক, পদার্থ বিজ্ঞান বিভাগের মোহাইমিনুল বাশার রাজ, নাফিসা আনজুমসহ কয়েকজন নতুন এ কর্মসূচির ঘোষণা দেন।

মোহাইমিনুল বাশার রাজ বলেন, “উপাচার্যের পদত্যাগের আন্দোলন অব্যাহত আছে। আন্দোলনের অংশ হিসেবে বুধবার বিকাল ৩টায় আন্দোলনের দিনগুলোর বিভিন্ন প্রতিবাদী ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে ক্যাম্পাসে মৌন মিছিল অনুষ্ঠিত হবে।

এ ছাড়া যে যেখানেই অবস্থান করছে, সেখান থেকেই অনলাইন ও অফলাইনে সক্রিয় থেকে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান করেন শিক্ষার্থীরা।

উপাচার্যের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার রাত পৌনে ৮টায় শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জ্বলন করেন। বিশ্ববিদ্যালয়ের চেতনা-৭১ , বঙ্গবন্ধু চত্বর, গোলচত্বরে এ কর্মসূচি পালিত হয়।

চেতনা-৭১- এ মোমবাতি প্রজ্জ্বলন শেষে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে আন্দোলনকারী সুদীপ্ত ভাস্কর বলেন, “জাফর ইকবাল স্যারের আশ্বাসে আমরা অনশন ভেঙেছি কিন্তু ভিসির পদত্যাগের আগ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।“

“শিক্ষামন্ত্রী আমাদের বিশ্ববিদ্যালয়ে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন। তাকে আহ্বান করব আমাদের ক্যাম্পাসে আসার জন্য”, যোগ করেন সুদীপ্ত। 

এরপর গোলচত্বরে ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ সময় কয়েকজন শিক্ষার্থী বলেন, আন্দোলনের কারণ, ভিসির পদত্যাগ চাওয়া- এসব কিছু তথ্যচিত্রে আছে। ১৬ জানুয়ারি পুলিশের হামলা থেকে শুরু করে ২৮ জানুয়ারি রাতের সাংস্কৃতিক আন্দোলন পর্যন্ত বিভিন্ন ছবি ও ভিডিও রয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ২৬ জানুয়ারি। ১৩  দিন পার হয়ে গেছে, এখনও সব দাবি মেনে নেওয়ার দৃশ্যমান কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। শাবি শিক্ষার্থীদের ওপর করা দুটি মামলা এখনও তুলে নেওয়া হয়নি। এখনও অধিকাংশ মোবাইলে আর্থিক লেনদেনের অ্যাকাউন্ট বন্ধ আছে।

বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচারণের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি আন্দালনে নামে ওই হলের শিক্ষার্থীরা। এর জেরে আন্দোলনরত শিক্ষার্থীদের  ওপর পুলিশের লাঠিপেটা, টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড হামলা হয়।

এরপর শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে। এক পর্যায়ে তারা আমরণ অনশনে যায়। সাতদিন পর আশ্বাস দিয়ে অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হক।