বিশ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কুমিল্লার হোমনায় এক মাটিকাটা শ্রমিককে হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডিত এক আসামি ধরা পড়েছে ২০ বছর পর।
মঙ্গলবার বিকালে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ জানিয়েছেন।
যাবজ্জীবন দণ্ডিত হাবিবুর রহমান ওরফে রাকিব উল হাসান (বর্তমান বয়স ৪৫) হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের প্রয়াত আবদুর রশিদের ছেলে।
২০০২ সালে দড়িকান্দি গ্রামের হাসু মিয়ার ছেলে স্বপন মিয়াকে (২২) কুপিয়ে হত্যা করা হয়।
মামলার বরাতে ওসি আবুল কায়েস আকন্দ বলেন, দড়িকান্দি গ্রামের হাসু মিয়ার ছেলে শ্রমিক স্বপন দণ্ডিত হাবিবুর রহমানদের বাড়িতে কাজ করতেন। কোন একটি বিরোধকে কেন্দ্র করে সাতজন মিলে স্বপনকে কুপিয়ে হত্যা করে। ২০০৬ সালে আদালত সাতজনকেই যাবজ্জীবন কারাদণ্ড দেয়। হাবিবুর রহমান ছাড়া এ মামলার সকল আসামিই কারাগারে ছিলেন। তাদের মধ্যে পাঁচজন সাজা খেটে এখন বাইরে আছেন। একজন এখনও কারাগারে আছেন। কিন্তু হাবিবুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
আবুল কায়েস আকন্দ বলেন, “এরই মধ্যে আমরা জানতে পেরেছি হাবিবুর রহমান ঢাকার ঠিকানা ব্যবহার করে নাম-পরিচয় পাল্টে নতুন জাতীয় পরিচয়পত্র বানিয়েছেন। তিনি সেই পরিচয় ব্যবহার করে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আউটসোর্সিংয়ে কাজ করতেন।”
ওসি আরও বলেন, “তিন মাসের চেষ্টার পর সর্বশেষ জানতে পারি হাবিবুর রহমান কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার রেড রুফ ইন হোটেলে অবস্থান করছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি।”
বুধবার সকালে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে বলে তিনি জানান।
