২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে মিনি পার্ক থেকে বানর উদ্ধার

সাভারের নামাবাজার এলাকায় একটি মিনি পার্ক থেকে দুটি বানর উদ্ধার করেছে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2022, 11:26 PM

Updated : 25 Oct 2022, 10:13 AM

মঙ্গলবার দুপুরে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের আঞ্চলিক পরিদর্শক নার্গিস সুলতানা লিজার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এতে সহায়তা করে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন।

নার্গিস সুলতানা সাংবাদিকদের বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বেলা ২টার দিকে সাভারের নামাবাজার এলাকায় ‘নিলা-বর্ষা রিভার কুইন’ পার্কে অভিযান চালানো হয়।

“সেখান থেকে দুটি রেসাস বানর বা লাল বানর উদ্ধার করেছি; যার বৈজ্ঞানিক নাম Macaca Mulatta।."

তিনি বলেন, পার্ক কর্তৃপক্ষ বন্যপ্রাণী সংক্রান্ত আইন বিষয়ে ওয়াকিবহাল ছিল না, তারা স্বেচ্ছায় বানর দুটি আমাদের কাছে হস্তান্তর করেছে। উপযুক্ত পরিবেশে বানর দুটিকে আমরা অবমুক্ত করব।"

উদ্ধার অভিযানে ছিলেন ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংশ্লিষ্ট পার্ক কর্তৃপক্ষ সরল বিশ্বাসে না জেনে প্রাণীগুলো রেখেছিল; ভবিষ্যতে অবৈধ বন্যপ্রাণী প্রদর্শন করবে না বলে অঙ্গীকার করেছে।"

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী বন্যপ্রাণী পালন, আটক ও পরিবহন দণ্ডনীয় অপরাধ।