২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ফেনসিডিল চোরাচালানে ৩ জনের মৃত্যুদণ্ড

বারো বছর আগের যশোরের একটি ফেনসিডিল চোরাচালান মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2022, 10:19 PM

Updated : 02 Aug 2022, 02:51 PM

মঙ্গলবার অতিরিক্তি জেলা ও দায়ারা জজ ১ম আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোস্তফা কামাল এই রায় দেন।

দণ্ডিতরা হলেন যশোরের শার্শা উপজেলার বুজতলা গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল কালাম, নোয়াখালীর সেনবাগের আহাম্মদপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুল কুদ্দুস ও প্রয়াত এরশাদ উল্লাহ মাস্টারের ছেলে গোলাম মাওলা।

এদের মধ্যে আবুল কালাম আটক রয়েছেন; বাকিরা পলাতক।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ১০ অক্টোবর সকালে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা যশোর-বেনাপোল সড়কের গলফ ফিলিং স্টেশনের সামনে থেকে একটি কভার্ড ভ্যান আটক করেন। গাড়িটি তল্লাশি করে ১২টি চটের বস্তায় রাখা ২ হাজার ২৪৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার ও তিন জনকে আটক করা হয়।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি আফজাল হোসেন চোরাচালান দমন আইনে আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

অতিরিক্তি পাবলিক প্রসিকিউটর আবু সেলিম রানা জানান, এ মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ জুন থানার তৎকালীন এসআই মাহফুজুল হক উল্লিখিত তিন জনকে আসামি করে আদলতে অভিযেগপত্র দাখিল করেন।

রায়ে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয় বলে অতিরিক্ত পিপি রানা জানান।