২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জবাসী গ্যাস না পেয়েও বিল দিচ্ছে: ক্যাবের স্মারকলিপি

মানিকগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ – ক্যাব।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2022, 09:21 PM

Updated : 02 Aug 2022, 02:51 PM

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের হাতে স্মারকলিপি তুলে দেন ক্যাবের জেলা সভাপতি গোলাম ছারোয়ার ছানু ও সাধারণ সম্পাদক এ বি এম সামছুন্নবী তুলিপ।  

স্মারকলিপিতে বলা হয়, মানিকগঞ্জবাসী ২০১১ সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে গ্যাস পেলেও ২০১২ সাল  থেকে গ্যাস পায় না। ২০১২ সাল থেকে মানিকগঞ্জবাসী গ্যাসের দাবিতে মিছিল মিটিং, মানববন্ধন ও স্মারকলিপি পেশ, মহাসড়ক অবরোধ করে আসছে।

“কিছু সুবিধাবাদী লোকের কারণে মানিকগঞ্জবাসী গ্যাস থেকে বঞ্চিত। অথচ নিয়মিত গ্যাস বিল পরিশোধ করে আসছেন তারা; যা ভোক্তা অধিকার আইনে অনিয়ম ও অন্যায়।”

জনদুর্ভোগ ও বঞ্চনা থেকে মুক্তির জন্য ন্যূনতম বেঁচে থাকতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতকরণের প্রয়োজনীয় গ্যাস সরবরাহের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানান তারা। 

ক্যাব মানিকগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক এ বি এম সামছুন্নবী তুলিপ বলেন, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসক মহোদয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।