২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীত-কুয়াশায় ক্ষতিগ্রস্ত চাঁদপুরের পানচাষিরা

তীব্র শীত ও ঘন কুয়াশায় চাঁদপুরে বরজের পান পাতা হলুদ হয়ে যাচ্ছে, লতা থেকে ঝড়ে পড়ছে। এতে করে আর্থিক ক্ষতির শঙ্কায় রয়েছেন হাজারো পানচাষি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2022, 07:52 PM

Updated : 25 Oct 2022, 10:13 AM

এই সমস্যা মোকাবেলায় সরকারের কৃষি বিভাগের সহায়তা চেয়েছেন কৃষকরা।

সুদীর্ঘকাল থেকে হাইমচর উপজেলা পান চাষের জন্য বিখ্যাত। স্থানীয় অনেক কৃষক জীবিকা নির্বাহ করেন পান চাষাবাদ করে। চলতি মাঘ মাসে তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের কষ্টে উৎপাদিত পান।

হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, “কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সাধ্যমত বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। তবে জনবল সংকট ও পানচাষিদের জন্য সরকারিভাবে পর্যাপ্ত কার্যক্রম না থাকায় কাজ কিছুটা ব্যাহত হচ্ছে।”

হাইমচর উপজেলার মহজমপুর, আলগী উত্তরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পানের বরজে লতায় থাকা পান পাতা হলুদ হয়ে যাওয়াসহ ঝড়ে পড়ছে মাটিতে। আবাদে খরচ বৃদ্ধির বিপরীতে পান ঝড়ে পড়া সমস্যায় ক্ষতির সম্মুখীন হচ্ছে হাজারো পানচাষি। ক্ষতি পুষিয়ে উঠতে সরকারি সহায়তা না পেয়ে এখন মাথায় হাত কৃষকদের।

মহজমপুর এলাকার পানচাষি ফজল আলী বলেন, শীতকালে পানের লতা বড় হয় না। তাছাড়া চলতি মাঘ মাসে শীতের তীব্রতা বৃদ্ধি ও ঘন কুয়াশার কারণে পান পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং পাতা ঝড়ে মাটিতে পড়ে যাচ্ছে। 

“বাজারে হলদেটে ও ঝড়ে পড়া এসব পানের তেমন দাম পাওয়া যায় না বললেই চলে। ১০০ টাকার পান বেচা লাগে ২০-৩০ টাকায়। এতে করে পান চাষাবাদের  খরচ পুষিয়ে লাভ তো দূরে থাক, চালানই উঠে আসে না।”

পানচাষি আবু তাহের বলেন, “এই শীতে পান চাষাবাদ করে আমরা পানচাষিরা ক্ষতির সম্মুখীন হলেও কৃষি বিভাগের কেউ আমাদের বুদ্ধি পরামর্শ দিয়ে সহায়তা করছেন না। তাছাড়া সরকারও আর্থিকভাবে আমাদের সহায়তায় এগিয়ে আসেনি। এভাবে চললে পান চাষাবাদ ছেড়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না। আমরা চাই সরকার আমাদের পাশে দাঁড়াক।”

এ ব্যাপারে হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, শীত ও কুয়াশায় কিছু পান নষ্ট হয়ে যাচ্ছে। পানচাষিদের ক্ষতি কমাতে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগের লোকজন। তবে লোকবল সংকটে অনেক সময় সকল কৃষকের কাছে পৌঁছানো সম্ভব হয় না।

তিনি বলেন, “হাইমচর উপজেলা পান চাষের জন্য অনেক আগে থেকেই বিখ্যাত। এখানকার উৎপাদিত পানের বেশ চাহিদা রয়েছে দেশব্যাপী। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও আলাদাভাবে পানচাষিদের জন্য কোনো প্রকার কার্যক্রম গ্রহণ করা হয়নি। চাষিদের পান চাষে উদ্বুদ্ধ করতে যা অত্যন্ত প্রয়োজন।”

ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে প্রকল্প গ্রহণের জন্য সরকারকে তাগাদা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আশা করি, এই ব্যাপারে সরকার সহসাই দৃষ্টিপাত করবে, যাতে করে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি কিছুটা হলেও লাঘব করা যায়।”

কৃষি বিভাগের দেওয়া তথ্যমতে, জেলায় প্রায় ২৩৭ হেক্টর জমিতে পান চাষ করা হয়। এর মধ্যে হাইমচর উপজেলা রয়েছে ২২০ হেক্টর। উপজেলার প্রায় সাড়ে ৩ হাজার কৃষক পান চাষাবাদে জড়িত। বছরে প্রায় ৩০০ কোটি টাকার পান কেনা-বেচা হয়ে থাকে এখানে।

হাইমচরে মহানলী, চালতা বোটা ও নলডোগ এই তিন জাতের পান চাষ হয়ে থাকে। উপজেলার মহজমপুর, আলগী উত্তর, আলগী দক্ষিণ ও চরভৈরবীসহ বিভিন্ন এলাকায় সবচেয়ে বেশি পান চাষ করা হয়।

হাইমচরে উৎপাদিত পান চাঁদপুর ছাড়াও পার্শ্ববর্তী ফেনী, নোয়াখালী, শরীয়তপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে।