নির্বাচন: ময়মনসিংহে বাড়িঘরে ভাংচুর-অগ্নিসংযোগ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউপি নির্বাচনে বিরোধের জেরে বিজয়ী এক ইউপি সদস্যের বাড়িসহ অন্তত ‘৩০টি’ বাড়িঘরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর মাইজপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
সহিংসতার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে, জানান ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া।
গত সোমবার সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপজেলার ১১টি ইউনিয়নে ভোট হয়। ৯ নম্বর উচাখিলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সদস্য পদে নির্বাচিত হয়েছেন আবুল বাশার।
ওই এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নজরুল ইসলাম পরাজিত হন।
আবুল বাশারের অভিযোগ, নৌকা প্রার্থীর পক্ষে কাজ করায় তার ও তার স্বজনদের বাড়িতে সহিংসতা চালানো হয়। অন্তত ৩০টি বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালানো হয়। দুটি মোটরসাইকেল ও অন্তত পাঁচটি খরের গাদায় অগ্নিসংযোগ করা হয়। দুটি গরু পিটিয়ে মেরে ফেলা হয়, নিয়ে যায় দুটি ছাগল।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া জানান।
অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নজরুল ইসলাম বলেন, “নৌকার প্রার্থীর নির্দেশে তার বাড়িতে হামলা করতে আসে বাশার মেম্বারের নেতৃত্বে লোকজন। ওই সময় তাদের একটি ঘর ভাঙা হয়। পরে গ্রামবাসী একত্রিত হয়ে হামলা চালিয়ে প্রতিহত করে।”
