২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালিয়াতি: শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসে আটক 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ‘জালিয়াতি’ করে পরীক্ষায় পাশ করার পর ভর্তি হতে এসে এক যুবক ধরা পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2022, 06:48 PM

Updated : 28 Apr 2022, 11:37 PM

মঙ্গলবার বিকালে  'বি' ইউনিটে ভর্তি হতে আসা এই শিক্ষার্থী আটক হন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল।  

আটক ইকবাল হোসেন সাঈদ কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।

আবু হেনা পহিল বলেন, "ভর্তি জালিয়াতির প্রাথমিক সত্যতা থাকায় তাকে ভর্তি কমিটি আটক করে। আটক শিক্ষার্থীই মূল রেজিস্ট্রেশনকারী।

তবে তার হয়ে অন্য কেউ পরীক্ষায় অংশ নিয়েছিল।" 

এ বিষয়ে ভর্তি কমিটি থেকে জানানো হয়, আটক ইকবাল হোসেন ভাইভা দিতে এসেছেন। এ সময় তিনি যে স্বাক্ষর দিয়েছেন তা ওএমআর শিট ও উপস্থিতি শিটের সাথে সম্পূর্ণ পৃথক হওয়ায় সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়েছে।  

"পরে আটককৃত ওই শিক্ষার্থী ভর্তি জালিয়াতির বিষয়টি স্বীকার করেন। প্রাথমিক সত্যতা থাকায় ভর্তি কমিটি তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টোরিয়াল বডির কাছে হস্তান্তর করে।"

ভর্তি কমিটি জানায়, আটক শিক্ষার্থীর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। গুচ্ছ ভর্তি পরীক্ষায় 'বি' ইউনিটের আওতায় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল স্যায়েন্স ইউনিভার্সিটি পরীক্ষা কেন্দ্রে তার হয়ে অন্য কেউ পরীক্ষা দিয়েছিল।

সহকারী প্রক্টর আবু হেনা পহিল আটক শিক্ষার্থীর স্বীকারোক্তির বরাত দিয়ে বলেন, “সে স্বীকার করেছে, সে মূল পরিক্ষার্থী।  তার হয়ে অন্য কেউ পরীক্ষায় অংশ নিয়েছিল, সে পরীক্ষায় অংশ নেয়নি। এ কাজে তাকে দুইজন সহযোগিতা করেছে। তবে কে বা কারা তাকে সহযোগিতা করেছে তা স্বীকার করেনি।" 

এ ব্যাপারে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাকে জিজ্ঞাসবাদ করছেন বলে জানান প্রক্টর আবু হেনা পহিল।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাদী হয়ে সিলেটের জালালাবাদ থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

পরে তাকে পুলিশে সোপর্দ করা হয় বলে ইশফাকুল হোসেন জানান।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় স্নাতক প্রথম বর্ষের তৃতীয় ধাপে ভর্তি কার্যক্রম ছিল।