২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে শিশুকে গলাকেটে হত্যা

বরিশালে এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে; এ ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে।  

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2022, 08:04 PM

Updated : 02 Aug 2022, 02:50 PM

শনিবার সকালে বরিশাল রেডিও সেন্টারের পিছনের দেয়াল ঘেঁষে একটি পরিত্যক্ত টয়লেটের স্ল্যাবের উপর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে জানান বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করীম।

নিহত ইয়াসিন হোসেন (৯) বরগুনা জেলার বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামের বাসিন্দা সগির হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।  

আটকরা হচ্ছেন- বরিশালের রূপাতলী বসুন্ধরা হাউজিং এলাকায় আলেয়া বেগম, তার স্বামী সিরাজুল ইসলাম ও তাদের ছেলে আল আমিন।

নিহত ইয়াসিনের দাদী শিরিন বেগম বিকালে গণমাধ্যমকে বলেন, “চার বছর আগে ইয়াসিনের মা ফাতেমা বেগমের সঙ্গে আমার ছেলে সগির হোসেনের বিবাহবিচ্ছেদ হয়। ফাতেমা বর্তমানে সৌদিপ্রবাসী।

ইয়াসিন গ্রামের বাড়ি ফুলঝুড়িতে দাদী শিরিন বেগমের কাছে থাকে। আর তার বাবা পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক সগির দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন।

শিরিন বেগম জানান, কয়েক দিন আগে ইয়াসিনকে নিয়ে তিনি ঢাকায় ছেলের (ইয়াসিনের বাবা) বাসায় বেড়াতে গিয়েছিলেন। সোমবার ঢাকা থেকে আসেন বরিশালের রূপাতলী বসুন্ধরা হাউজিং এলাকায় বোন আলেয়া বেগমের বাসায়।

“শুক্রবার বেলা ১১টার দিকে নিখোঁজ হয় ইয়াসিন। রাতে তার সন্ধানে আশপাশের এলাকায় মাইকিংও করা হয়। শনিবার সকালে রেডিও সেন্টারের পিছনে ইয়াসিনের গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা”, যোগ করেন শিরিন বেগম।

ছেলের নিখোঁজের খবর পেয়ে শনিবার সকালে বরিশালে পৌঁছান সগির হোসেন। কিন্তু পরে তিনি লাশের কথা জানতে পারেন। 

তিনি বলেন, ‌‘বরিশালে আমাগো কোনো শক্র নাই। আমরা তো এহানে থাহি না। সৎ মা ওরে (ইয়াসিন) অনেক ভালোবাসে। খালা আলেয়া বেগেমের পোলা আলামিনের শ্বশুরবাড়ির লগে খালাগো শক্রতা আছে। আমি আমার পোলার খুনিগো বিচার চাই।”

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করীম বলেন, হত্যার ঘটনায় কোতয়ালী থানায় মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

পাশাপাশি রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা কাজ করেছে বলেও জানান ফজলুল করীম।