২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ট্রলার থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফ উপজেলার বঙ্গোপসাগরের একটি ট্রলার থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব; এ সময় আটক করা হয়েছে দুজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2022, 06:59 PM

Updated : 25 Oct 2022, 10:12 AM

উপজেলার সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগর থেকে শনিবার দুপুরে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধারের কথা জানান র‌্যাব-১৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক স্কোয়াডন লিডার মো. তানভীর হাসান।

আটকরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার মোহাম্মদ হাসান (২৬) এবং মহেশখালী উপজেলার ছোট মহেশখালী এলাকার মোহাম্মদ হোসেন (৪৫)।

র‌্যাবের উপ-অধিনায়ক তানভীর বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রলারটির মালিক টেকনাফ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। চালানটিও টেকনাফে মজুদের পরিকল্পনা ছিল।”

তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাত থেকে এই অভিযান শুরু হয়। ১৫ ঘণ্টার অভিযান শেষে শনিবার দুপুর ২টায় ট্রলারটি থেকে এক লাখ ইয়াবা ও আটটি বিদেশি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়। ট্রলারটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তানভীর।