শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
যশোরে রেললাইনে দাঁড়িয়ে থাকা শিশুকে রক্ষা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী।
শুক্রবার সকালে যশোর শহরের মুজিব সড়কের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান যশোর রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।
নিহত আব্দুল হাকিম (৫৫) শহরের রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দা ও শহরের ‘জেনেভা ওয়াচ’ নামের ঘড়ির দোকানের মালিক ছিলেন।
নিহতের ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভোরে হাঁটতে বেরিয়েছিলেন আব্দুল হাকিম। সকাল ৮টার দিকে বাসায় ফিরছিলেন। রেলগেটের পশ্চিম পাশে তার বাড়ির সামনের রেললাইনের ওপর একটি ছোট শিশু দাঁড়িয়েছিল।
এ সময় বেনাপোল থেকে কমিউটার ট্রেন আসছিল। আব্দুল হাকিম শিশুটিকে টেনে রেললাইন থেকে সরিয়ে দেন। কিন্তু নিজে পা পিছলে পড়ে যান। এ সময় ট্রেনের সঙ্গে তার মাথার ধাক্কা লাগে।
স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক শাহীনুর রহমান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
