দিনাজপুরে দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও সহকারী নিহত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে উপজেলার ফকিরপাড়া ব্র্যাক কার্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার এসআই আল-আমিন।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার চালক খায়রুল ইসলাম (৩০) ও তার সহকারী মামুন (২৮)।
ওসি দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঠিক কখন এবং কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ভোরে বৃষ্টির সময় দৃষ্টিগোচর না হওয়ায় পিকআপ ভ্যানের চালক হয়তো সামনে থাকা বড় কোনো গাড়িকে জোরে ধাক্কা দিয়েছে। আর তাতেই এই দুর্ঘটনা ঘটেছে।
“জরুরি ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফুলবাড়ী স্টেশনের সদস্যরা সকালে মরদেহ উদ্ধার করে। পরে তা পুলিশের কাছে হস্তান্তর করে।“
ওসি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।
