কুমিল্লায় অবাধ-সুষ্ঠু ইউপি নির্বাচনে শঙ্কা ১২ প্রার্থীর
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রশাসনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
এই দাবিতে বুধবার দুপুরে দেবিদ্বার সদরের একটি রেস্টুরেন্টে এই ১২ প্রার্থী একসঙ্গে সংবাদ সম্মেলন করেছেন এবং পরে কুমিল্লা-সিলেট মহাসড়কে মানববন্ধন করেন।
সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন এই ১২ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। এরা সবাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
সংবাদ সম্মেলনে ১২ জনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার এলাহাবাদ ইউনিয়নের চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল আমীন।
কুমিল্লার দেবিদ্বারে অবাধ-সুষ্ঠু ইউপি নির্বাচনের দাবিতে ১২ চেয়ারম্যান প্রার্থীর মানববন্ধন
তিনি আরও অভিযোগ করেন, পুরো উপজেলায় এরই মধ্যে বহিরাগত সন্ত্রাসীদের এনে মজুদ করা হচ্ছে। তাদের দিয়ে কেন্দ্র দখলের পাঁয়তারা চলছে। বারবার অভিযোগ করার পরও প্রশাসন থেকে কোনো প্রতিকার পাননি তারা।
“এছাড়া দেবিদ্বার থানার ওসির ভূমিকাও রহস্যজনক। এসব ঘটনায় তিনি আমাদের মামলা নিচ্ছেন না। উল্টো আমাদেরকে হয়রানি করছেন তিনি।”
অভিযোগ প্রসঙ্গে দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান বলেন, “তারা আমার বিরুদ্ধেও মিথ্যা অভিযোগ করেছে। আমরা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে প্রতিনিয়ত নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অভিযান পরিচালনা করছি।”
আর নির্বাচন শতভাগ সুষ্ঠু করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, “আমার কাছে এখনও ওই প্রার্থীদের কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ গেলে ব্যবস্থা নেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভানী ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জালাল উদ্দিন ভূঁইয়া, জাফরগঞ্জের চশমা প্রতীকের সোহরাব হোসেন, গুণাইঘর উত্তরের ঘোড়া প্রতীকের আলী আজ্জম সরকার সজল, সুলতানপুরের আনারস প্রতীকের জসিম উদ্দিন, গুণাইঘর দক্ষিণের আনারস প্রতীকের আবদুল হাকিম খান, বড়শালঘরের আনারস প্রতীকের আবদুল আউয়াল, মোহনপুরের মোটরসাইকেল প্রতীকের ময়নাল হোসেন, সুবিলের আনারস প্রতীকের আবু তাহের, ইউসুফপুরের ঘোড়া প্রতীকের মাজহারুল হক মামুন ও ধামতি ইউনিয়নের আনারস প্রতীকের প্রার্থী মহিউদ্দিন মিঠু।
