নোয়াখালীতে হাত-পা বাঁধা অজ্ঞাতপরিচয় একজনের মরদেহ উদ্ধার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাত-পা-মুখ বাঁধা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি সংলগ্ন মহিষের ডগি থেকে সোমবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয় বলে কোম্পানীগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন জানান।
ওসি বলেন, স্থানীয় লোকজন ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
“মৃত ব্যক্তির মুখে কসটেপ পেঁছানো, হাত-পা বাঁধা ছিল। পুলিশের ধারণা, রোববার রাতের কোনো এক সময় তাকে হত্যা করে মরদেহ ফেলে গেছে খুনি।”
ওসি বলেন, কে বা কারা তাকে হত্যা করেছে এবং কেন হত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। বিকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
