২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি টিলায় অগ্নিকাণ্ড, অভিযোগ উপাচার্যের বিরুদ্ধে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিলায় গত দুই দিনে একাধিকবার আগুন লেগেছে; যার জন্য উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে দায়ী করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্বনিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2022, 01:16 AM

Updated : 25 Oct 2022, 10:12 AM

শনিবার সন্ধ্যা ৭টায় এক বিজ্ঞপ্তিতে এই অগ্নিকাণ্ডের বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য আসে। এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ তোলেন।

আন্দোলনকারী এক শিক্ষার্থীর দাবি, “বর্তমান উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে ক্যাম্পাসের টিলাগুলোয় আগুন লাগিয়ে গাছপালা ও বন নষ্ট করা হচ্ছে।

“উপাচার্যের পদত্যাগের আন্দোলনের মধ্যেই চার টিলার গাছ এক একরের অধিক জায়গাজুড়ে আগুনে পুড়ে গেছে।”

আরেকজন শিক্ষার্থী বলেন, “আমারা দেখছি গত দুই দিন ধরে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল, মুজতবা আলী হল ও শহীদ মিনার সংলগ্ন চারটি টিলায় আগুন লাগানো হয়েছে।”

অন্য একজন শিক্ষার্থীর বক্তব্য, “কে বা কারা আগুন লাগিয়েছে তা আমি দেখিনি।  কিন্তু গত দুই তিন-বছরে বর্তমান উপাচার্যের নির্দেশে ক্যাম্পাসের টিলা কেটে, বনজঙ্গল উজাড় করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়ছে। অনেক টিলায় আগুন লাগানো হয়েছে।”

ওই এলাকা থেকে সিসিটিভি ক্যামেরা সরিয়ে ফেলার অভিযোগও করেছেন শিক্ষার্থীরা।

একজন শিক্ষার্থী বলেন, “টিলা সংলগ্ন এলাকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিসিটিভি ক্যামেরা সরিয়ে ফেলা হচ্ছে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত এই প্রাণ-প্রকৃতিবিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

“ক্যাম্পাসের বিস্তীর্ণ টিলাময় এলাকায় দফায় দফায় আগুন লাগা আমাদের বর্তমান ক্যাম্পাসে চলমান ছাত্র আন্দোলনের পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা বলে প্রতীয়মান হচ্ছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুই জানে না বলে শনিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “সকালবেলায় ক্যাম্পাসের টিলাগুলোতে কে বা কারা আগুন দিয়ে গাছের চারা পুড়িয়ে দেয়। একদিকে আগুন নেভানোর পর অন্যদিকে আগুন দেওয়া হয়। আগুন লাগানোর বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে।

“এভাবে আগুন ধরানোর ফলে বিশ্ববিদ্যালয়ের বনজ সম্পদের ক্ষতি হচ্ছে। তাছাড়া এ ধরনের আগুন থেকে বড় ধরনের অগ্নিকাণ্ড সংঘটিত হতে পারে এবং তা বিপর্যয়ের কারণ হতে পারে।”

প্রশাসনের বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ টিলায় আগুন জ্বালানোর ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার জন্য এবং এসব থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি রাতে আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা। এর জেরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড হামলা হয়।

এরপর পুলিশ অজ্ঞাত পরিচয় ২০০ থেকে ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে; কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে শিক্ষার্থীরা উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন; এক পর্যায়ে তারা আমরণ অনশনে যান।

সাতদিন পর সেই অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হক। তবে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।