২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজৈরে উপ-নির্বাচনে সংঘর্ষে আহত ১০

মাদারীপুরের রাজৈর উপজেলা উপ-নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাদারিপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2022, 08:59 PM

Updated : 25 Oct 2022, 10:11 AM

নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ হয় বলে রাজৈর থানার ওসি শেখ সাদি জানান।

আহতদের মধ্যে সুমন শেখ ও এনামুল হককে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে; হারুন চৌধুরী, রিপন শেখ ও সাগর হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, মাদারীপুরের রাজৈর উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ১০৪ নম্বর নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছেলে আসিবুর রহমান খান লোকজন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে চাইলে স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়ার সমর্থক মিজানুর রহমান বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

এ ব্যাপারে আসিবুর রহমান খান বলেন, “আমি পর্যবেক্ষক কার্ড নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে গেলে মিজানুর রহমান আমার উপর ক্ষিপ্ত হন।”

মিজানুর রহমান বলেন, “আসিব খান তার সাঙ্গপাঙ্গ নিয়ে ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করে জাল ভোট দেওয়ার পাঁয়তারা করছিলেন।”

ওসি শেখ সাদি বলেন, সংঘর্ষের ফলে কেন্দ্র এলাকায় উত্তেজনা দেখা দিলে র‌্যাব, দাঙ্গা পুলিশ, ডিবিসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

জেলা প্রশাসক মহোদয়সহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামান জানান।

উপজলার সাবেক চেয়ারম্যান এম এ মোতালেব মিয়া গত বছরের ১৩ জুলাই মারা যাওয়ার পর পদটি ফাঁকা হয়।