২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুরের ধর্ষণ মামলার এক আসামি সিঙ্গাপুরে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2022, 10:22 PM

Updated : 02 Aug 2022, 02:38 PM

গেপ্তারের পর মঙ্গলবার বিকালে ইমিগ্রেশন পুলিশ তাকে থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার এসআই কামরুল হাসান।

গ্রেপ্তারকৃত মো. রাব্বি (২৪) শ্রীপুর উপজেলার নিজ-মাওনা গ্রামের শামসুল হকের ছেলে।

২০২০ সালের ৩০ নভেম্বর রাতে ওই কিশোরী টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে রাব্বি তাকে অপহরণের পর ধর্ষণ করেন এবং কাউকে বললে খুনের হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পরিবার মামলা করে।

এসআই কামরুল বলেন, মামলার পর রাব্বি গা ঢাকা দেন। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। রাব্বি বিদেশে চলে যাওয়ার পাঁয়তারা করছেন এমন খবর পেয়ে তার পাসপোর্ট নম্বরসহ অন্যান্য তথ্য ইমিগ্রেশন পুলিশকে দেওয়া হয়। সকাল পৌনে ৮টায় রাব্বি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে সিঙ্গাপুর যাওয়ার প্রস্তুতিকালে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সিঙ্গাপুর যাওয়ার সময় ধর্ষণ মামলার আসামি রাব্বিকে ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন। তাকে বুধবার আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান।