মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগে সিরাজগঞ্জে তরুণ গ্রেপ্তার
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগে সিরাজগঞ্জের এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব ১২-এর স্পেশাল কোম্পানির সহকারী পুলিশ সুপার জন রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।
গ্রেপ্তার মুন্নাফ সিদ্দিকী ওরফে মুন্না (২৫) নলকা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মুন্নার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে আকস্মিকভাবে ওই ছাত্রীর যোগাযোগ ও পরিচয় হয়। পরে মুন্না তাকে বিয়ের প্রলোভন দিয়ে আসছিলেন। তাতে ওই ছাত্রী রাজি হয়নি। এরপর গত ১০ জানুয়ারি ছাত্রী অপহৃত হয়। তার পরিবার মামলা করলে অভিযান চালিয়ে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ছাত্রীকে উদ্ধার করা হয়।
