নারায়ণগঞ্জে তুহিন-পারভেজ খুন হন চাঁদার টাকার ভাগ নিয়ে: পুলিশ
নারায়ণগঞ্জের তুহিন হাওলাদার মিল্টন ও পারভেজকে চাঁদার টাকার ভাগ নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
হত্যাকাণ্ডের সোয়া চার বছর পর দুই আসামিকে গ্রেপ্তার করে এই তথ্য জানান নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেন পিবিআইয়ের সুপার মনিরুল ইসলাম।
২০১৭ সালের ১২ অক্টোবর সদর উপজেলার কাশিপুর হোসাইনি নগর এলাকায় খুন হন ওই এলাকার তুহিন হাওলাদার মিল্টন ও পারভেজ মিয়া।
নিহতদের পরিবার মামলা না করায় পুলিশ বাদী হয়ে ২২ জনকে আসামি করে হত্যা মামলা করে।
মামলাটি পরে পিবিআইয়ের হাতে গেলে এসআই শাকিল তদন্ত করেন। তিনি তথ্যপ্রযুক্তির সহায়তায় বাপ্পি সিকদার ও আমান ভূঁইয়া নামে দুই আসামিকে জেলার বন্দর উপজেলার ঘাড়মোড়া এলাকা থেকে গ্রেপ্তার করেন।
পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করে তারা হত্যাকাণ্ডের কারণ জানতে পেরেছেন। আসামি আমান রোববার নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুরুন নাহারের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
“মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, চাদাঁবাজির টাকার ভাগ-ভাটোয়ারা এবং আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।”
পুলিশ সুপার বলেন, “বাপ্পি ও আমানের নেতৃত্বে ২০-২২ জনের একটি দল তুহিন হাওলাদার মিল্টন ও পারভেজকে কুপিয়ে হত্যা করে। পরে লাশ বিকৃত করার জন্য আগুন ধরিয়ে দেয় তারা।”
হত্যাকাণ্ডের পর থেকে বাপ্পি ও আমান পলাতক ছিলেন বলে জানান পুলিশ সুপার।
