২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলিন্ডার বিস্ফোরণ: থেমে গেল নাহিমের উচ্ছলতা

বাড়ির পাশে বেলুন ফোলানো দেখতে গিয়েছিল নাহিম; আশপাশে তার বয়সী আরও অনেক শিশুর মতো তার মনেও উত্তেজনা চলছিল কখন বেলুন আকাশে উড়বে। কিন্তু সেই বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চোখ হারিয়ে উত্তেজনা-উচ্ছলতা থেমেছে ১২ বছরের নাহিমের।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2022, 05:54 PM

Updated : 25 Oct 2022, 10:10 AM

নাহিম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিরলী গ্রামের আবদুল হালিমের ছেলে। স্থানীয় তুলাতলি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সে।

বৃহস্পতিবার বিকেলে বিরলী গ্রামের এই বিস্ফোরণে নাহিমসহ আহত হয় ৪১ জন, যাদের বেশির ভাগই শিশু। শরীরে লোহার টুকরো বিদ্ধ হওয়া ছাড়াও পাঁচ-ছয়জন অগ্নিদগ্ধ হন। আর হাত-পা ভেঙে গেছে আরও কয়েকজনের।

তাদের মধ্যে নাহিমকে ভর্তি করা হয় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে। অন্যরা চিকিৎসা নিচ্ছেন কুমিল্লাসহ বিভিন্ন জায়গায়।

চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, “বিস্ফোরণের সময় দুটি পাথরের টুকরো ঢুকে নাহিমের ডান চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়। শুক্রবার বিকালে অস্ত্রপচার করে অকেজো চোখটি তুলে ফেলা হয়েছে। এখন সে শঙ্কামুক্ত। আমরা তাকে চিকিৎসা দিচ্ছি।”

দুই বোন ও এক ভাইয়ের মধ্যে নাহিম মেজো।

নাহিমের মামা মোবারক হোসেন মাসুদ বলেন, বিস্ফোরণের পর তারা বৃহস্পতিবার রাতে নাহিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে নিজেদের উদ্যোগে ওই রাতেই চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে যান।

“চিকিৎসকরা জানিয়েছেন, উপড়ে ফেলা চোখটি আর প্রতিস্থাপনও করা যাবে না।”

এটা তাদের জন্য গভীর হতাশার বলে তিনি জানান।

মাসুদ বলেন, “নাহিমের বাবা আগে দুবাই ছিলেন। এখন তিনি বেকার। একমাত্র ছেলেকে নিয়ে তার অনেক আশা ছিল। এরই মধ্যে ভয়ংকর ঘটনাটি ঘটল।”

নাহিমের মা নাজমা বেগম এখনও বারবার সেই দিনের কথা স্মরণ করেন।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “নাহিম বেলুন দেখতে গেছিল। হঠাৎ বিকট শব্দ হয়। পরে দেখি নাহিমের চোখ দিয়ে রক্ত ঝরছে। রক্তে তার জামা ভিজে গেছে।

“আমার ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল।”

উপজেলার ঢালুয়া ইউনিয়নের মোঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবছর পয়লা মাঘ শীতকালীন মেলা হয়। এ বছর কোভিডের কারণে সেই মেলার অনুমোদনই দেয়নি প্রশাসন, তবু সেই মেলায় বিক্রির জন্য বিরলী গ্রামের আনোয়ার হোসেন বেলুনে গ্যাস ভরার সময় এই বিস্ফোরণ হয়।

তাতে ছয় বছরের মেয়েসহ আনোয়ার নিজেও গুরুতর আহত হন। তার পরিবারের অন্য সদস্যরাও কমবেশি আহত হন বলে আনোয়ারের বোন জানান।

তাছাড়া এ ঘটনায় ‘অনেকের শরীরে হাজারের বেশি লোহার টুকরো’ প্রবেশ করেছে বলে জানিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম।