আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম: আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ
সিরাজগঞ্জের কাজীপুরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ারকে কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা মামলায় আসামি ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে গ্রামবাসী।
কাজীপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার জানান, রোববার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সীমান্তবাজার এলাকায় গান্দাইল গ্রামবাসী সড়ক অবরোধ করেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ সড়কে সকল ধরনের যানবাহন বন্ধ ছিল।
শনিবার বিকালে আওয়ামীলীগ নেতা শহীদ সরোয়ারের দুই পা কুপিয়ে জখম এবং তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত অবস্থায় রাতেই তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় আহত আওয়ামী লীগ নেতার বোন বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদসহ চারজনের উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ৫/৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
শহীদ সরোয়ারের ভাতিজা বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রাজিব আহম্মেদ বলেন, “এ ঘটনায় আসামি ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে গ্রামবাসী। এমপি তানভীর শাকিল জয় অভিযুক্তদের দল থেকে বহিষ্কার ও গ্রেপ্তারের আশ্বাস দেওয়ায় রাস্তায় যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে। তবে আমরা সড়কেই অবস্থান করছি “
