২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও কোভিড আক্রান্ত সাংসদ আয়েন উদ্দিন

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2022, 04:53 PM

Updated : 02 Aug 2022, 02:37 PM

রোববার সকালে তিনি আক্রান্ত হওয়ার খবর পান।

পরে আয়েন উদ্দিন গণমাধ্যমকে বলেন, “সংসদ অধিবেশনে যোগ দিতে সংসদ সদস্যদের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। শনিবার আমিও করোনা পরীক্ষার জন্য নমুনা দেই। রোববার সকালে ফোন করে ও ক্ষুদে বার্তা পাঠিয়ে জানানো হয় আমার করোনাভাইরাসের রিপোর্ট পজেটিভ এসেছে।”

দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া চেয়ে সংসদ সদস্য আরও বলেন, “কয়েকদিন ধরে আমি সামান্য জ্বর ও সর্দি-কাশি অনুভব করছিলাম। এ ছাড়া আর কোনো সমস্যা নেই। আমি সুস্থ আছি এবং ন্যাম ভবনে থেকে চিকিৎসা নিচ্ছি।’’

রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়েছেন। এর আগেও তিনি একবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হকও কোভিডে আক্রান্ত।

শুক্রবার তারা করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। শনিবার সবার রিপোর্ট পজেটিভ আসে।