২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় ঘণ্টায় নিভল বাঘাবাড়ি মিল্কভিটা কারখানার আগুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ি মিল্কভিটা কারখানায় গুড়া দুধ তৈরির একটি মেশিনে আগুন লাগার দেড় ঘণ্টা পর তা নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2022, 01:07 AM

Updated : 02 Aug 2022, 02:37 PM

শনিবার রাত সাড়ে ৮টার দিকে কারখানার পাউডার প্ল্যান্ট-২ এর পাঁচতলা ভবনের চার তলায় ‘ডায়া মেশিনে’ আগুন লাগে বলে জানান শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নেভানো সম্ভব হয় বলে জানান তিনি।

রেজাউল করিম বলেন, “হঠাৎ বৈদ্যুতিক শর্টসাকিট থেকে কারখানার চার তলার ডায়া মেশিনে আগুন লেগে যায়। প্রাথমিক অবস্থায় অফিসের ফায়ারকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

“এরপর বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিস ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ওই ভবনের চার তলার ভ্যান্টিলেশন কেটে পানি এবং ফোম ব্যবহার করে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিভে যায়।” 

বাঘাবাড়ি মিল্কভিটা কারখানার ডিজিএম অমিয় মণ্ডল বলেন, “আগুনে কিছু পাউডার দুধ পুড়ে গেলেও মেশিনের তেমন কোনো ক্ষতি হয়নি। এটি সামান্য ওয়াস করলেই আবারও চালু করা সম্ভব হবে।”