বঙ্গবন্ধুর সমাধিতে ৩ বিচারপতির শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন উচ্চ আদালতের আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতি।
শনিবার দুপুরে বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ এই শ্রদ্ধা জানান।
পরে সুরা ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহীদ, জাতীয় চার নেতা ও ৭৫-এর ১৫ অগাস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন তারা।
গোপালগঞ্জের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলমাস হোসেন মৃধা, মুখ্য বিচারিক হাকিম শাহাদাত হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দিন, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান বিচারপতিদের সঙ্গে ছিলেন।
তাছাড়া আগ্রণী ব্যাংকের পরিচালক কেএমএন মঞ্জুরুল হক লাবলুও বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এ দিন।
