তৈমুরের এক নির্বাচনী সমন্বয়কারী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের সিদ্ধিরগঞ্জ থানা সমন্বয়কারী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিলের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান।
ওসি মশিউর রহমান জানান, হেফাজতে ইসলামের গত ২৮ মার্চের একটি নাশকতার মামলায় মনিরুল ইসলাম রবিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হেফাজতের নাশকতার চারটি মামলা রয়েছে।
এ বিষয়ে তৈমুর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট এটিএম কামাল বলেন, মনিরুল ইসলাম রবিকে তার বাড়ি থেকে পুলিশ আটক করছে। তিনি স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের সিদ্ধিরগঞ্জ থানার নির্বাচনী সমন্বয়কের দায়িত্বে রয়েছেন।
কামাল বলেন, নির্বাচনে ভয়ে পেয়ে সরকারি দলের প্রার্থীর পক্ষে পুলিশ বিএনপির নেতাকর্মীকে আটক করছে। তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে।
তিনি অবিলম্বে মনিরুলের মুক্তি দাবি করেন।
