রংপুরে স্কুলছাত্রীর লাশ উদ্ধার, বাবা আটক
রংপুর নগরীর নিজ বাড়ি থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধারের পর তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ১০টায় নগরীর মাহিগঞ্জ বীরভদ্র বালাটারী গ্রামের বাড়ি থেকে ইয়াসিন আক্তার কবিতার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী।
কবিতা (১৩) গ্রামের ইউসুফ আলীর মেয়ে এবং মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
এসআই আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ”এলাকাবাসীর তথ্যে আমরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি। তারা জানিয়েছে, প্রেমের সম্পর্ক নিয়ে শনিবার রাতে কবিতাকে তার বাবা মারধর করেন।”
”সকালে কবিতার ঝুলন্ত মরদেহ দেখে তার মা চিৎকার শুরু করেন। এলাকাবাসী গিয়ে মরদেহ নামায়। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে”, যোগ করেন এসআই।
মাহিগঞ্জ থানার ওসি মাহবুবার রহমান বলেন, “স্কুলছাত্রী কবিতার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এটি হত্যা, নাকি আত্মহত্যা- আমরা অনুসন্ধান করছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের এডিসি (ডিবি অ্যান্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ”প্রাথমিকভাবে স্কুলছাত্রীর বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।”
