‘নৌকার এজেন্ট ব্যালট কেড়ে নিয়ে সব সিল মেরে দিচ্ছেন’
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফেনীর বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে; এজেন্টদের সামনে অসহায়ত্ব প্রকাশ করেছেন কেন্দ্রের ভোট কর্মকর্তারা।
তাছাড়া সিলমারা ব্যালট জব্দ করার পাশাপাশি কয়েকজনকে আটক করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সদর উপজেলার দক্ষিণ লেমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৩ নম্বর মহিলা বুথের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ফজলুল হক।
তিনি সাংবাদিকদের বলেন, “নৌকার এজেন্ট আমার সামনে থেকে চেয়ারম্যান পদের ব্যালট কেড়ে নিয়ে সব সিল মেরে দিচ্ছেন। আমার কথা তারা শুনছে না।”
সাংবাদিকরা এ বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তাকে জিজ্ঞেস করলে তাৎক্ষণিকভাবে নৌকার সিল মারা দুটি ব্যালট জব্দ করেন তিনি। কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মীর হোসেন।
জাল ভোট দেওয়া ও কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করার শাস্তি হিসেবে পাঁচ এজেন্টকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তাছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগে ওই কেন্দ্র থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট চারজনকে আটক করে পুলিশে দিয়েছে বলে কেন্দ্রে দায়িত্বরত পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী জানিয়েছেন।
একই ইউনিয়নের নেয়ামতপুর আল জামেয়াতুল ইসলামিয়া সুফিয়া মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট পড়েছে বলে ভোটাররা দাবি করেছেন।
তারা বলেন, সকাল ১০টার দিকে কেন্দ্রের ৩ নম্বর মহিলা বুথে ঢুকে নৌকার পুরুষ এজেন্ট ভোট দিয়েছেন।
এ বিষয়ে কেন্দ্রটির সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হাসনা আক্তার বানু বলেন, “আমার কিছু করার নেই। আমার কথা শোনে না। বুথে থাকা দুটি সিলের মধ্যে এজেন্ট একটি সিল রেখে প্রার্থীর পক্ষে সিল মারছে।”
তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি ওই বুথ থেকে নৌকার এজেন্টকে বের করে দেন। এ সময় গণমাধ্যম কর্মীরা ওই এজেন্টের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে নৌকার এজেন্ট মো. সারওয়ার জাহানকে পুলিশে দেন।
আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মো. ফেরদৌস কোরাইশী অভিযোগ করেছেন, “নৌকার প্রার্থীর কর্মীরা আমাকে ভোট দিতে দিচ্ছে না। তারা নিজেরাই নৌকায় সিল মেরে ব্যালট বক্স ভরে ফেলছে।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন নৌকার চেয়ারম্যান প্রার্থী মোশারফ উদ্দিন নাসিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আনারসের প্রার্থী পরাজিত হবেন জেনে অপপ্রচার চালাচ্ছেন।”
