২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

ব্যাটারির রিকশা উল্টে মাথায় গুরুতর জখম জাবি ছাত্রীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইটি ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে একটি উল্টে এক ছাত্রীর মাথায় গুরুতর জখম হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2022, 11:52 PM

Updated : 02 Aug 2022, 02:27 PM

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত পূজা মজুমদার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।

তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ভিজিটিং কনসালটেন্ট সোহেল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাঙ্গীরনগর থেকে আসা রোগীকে আইসিইউতে রাখা হয়েছে। তার মাথার খুলিতে বেশ কিছু গুরুতর জখম আছে। এজন্য আগামীকাল অস্ত্রোপচার করা হবে। পর্যায়ক্রমে আরও অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।”

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, দুপুর সাড়ে ১২টার দিকে একটি ব্যাটারিচালিত রিকশায় করে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকার দিকে যাচ্ছিলেন পূজা। শিক্ষক ক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ব্যাটারিচালিত রিকশা তার রিকশাকে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান চৌধুরী বলেন, দুই রিকশার সংঘর্ষে পূজার রিকশাটি উল্টে যায়। রিকশা থেকে পড়ে তিনি মাথা, কাঁধ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। মাথা থেকে রক্তপাত হয়েছে। তাকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

জেফরুল হাসান চৌধুরী বলেন, “দুইটি অটোরিকশার গতি বেশি ছিল। ওই ছাত্রীর রিকশাকে ধাক্কা দেওয়ার পর অপর রিকশাওয়ালা রিকশাসহ সেখান থেকে পালিয়ে যায়। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।”

ক্যাম্পাস খোলার পর থেকেই ব্যাটারিচালিত রিকশাগুলোকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন।