নারায়ণগঞ্জে ভবন থেকে শাবল পড়ে নারীর মৃত্যু
নারায়ণগঞ্জে নির্মাণাধীন একটি বহুতল ভবনের ছাদ থেকে শাবল পড়ে পথচারী এক নারী প্রাণ হারিয়েছেন।
বুধবার সকালে শহরের মিশনপাড়া বাগে জান্নাত মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাহানারা বেবি (৫০) নগরীর ডনচেম্বার এলাকার বাসিন্দা।
পাশের একটি বাড়ির সিসি ক্যামেরার ভিডির ফুটেজে এই ঘটনা স্পষ্টভাবে দেখা যায় বলে পুলিশ জানিয়েছে।
পরে এলাকাবাসী জড়ো হয়ে প্রতিবাদ জানালে ভবনটির নির্মাণ শ্রমিকরাসহ সংশ্লিষ্ট লোকজন সেখান থেকে পালিয়ে যান।
নিহত জাহানারা বেবি সাবেক ফুটবলার প্রয়াত জাকির হোসেনের স্ত্রী এবং জাতীয় ফুটবল দলের সাবেক জাতীয় দলের খেলোয়াড় সম্রাট হোসেন এমিলির ফুপাতো বোন।
নিহতের মামাতো ভাই জাকির হোসেন এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তিনি বলেন, “রাজউক থেকে আটতলা ভবনের অনুমোদন নিয়ে সেটি ১১তলা করা হয়েছে।”
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামাল বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করে রাস্তায় ব্যারিকেড দিয়ে মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বিষয়টি তদন্ত করা হচ্ছে; কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
