২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

বরিশাল মেডিকেলে সিসিইউতে আগুন, রোগীর মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউ ওয়ার্ডে অগ্নিকাণ্ডের মধ্যে এক রোগীর মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2021, 01:19 AM

Updated : 10 Oct 2022, 06:28 PM

মঙ্গলবার রাত সাড়ে ৯টার আগুনের সূত্রপাত ঘটে। তখন রোগীদের সরিয়ে নেওয়া হয়। তখনই ওই রোগীর মৃত্যু ঘটে।

তবে অগ্নিকাণ্ডের সঙ্গে রোগীর মৃত্যুর সম্পর্ক নেই বলে দাবি করছেন হাসপাতাল কর্মকর্তারা। তারা বলছেন, হৃদরোগে আক্রান্ত ওই রোগী মুমূর্ষু অবস্থায়ই ছিলেন।

মারা যাওয়া রমনী মোহন দাসের বয়স ৬৫ বছর। তার বাড়ি গৌরনদী উপজেলার সরিকল গ্রামে। তিনি সিসিইউতে ছিলেন।

করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) জটিল রোগীদেরই রাখা হয়, যাদের নিবিড় পরিচর্যা প্রয়োজন।

হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার সাংবাদিকদের বলেন, “রাত সাড়ে ৯টার বৈদ্যুতিক বোর্ড থেকে আগুন ধরে। সেন্ট্রাল অক্সিজেন লাইনেও আগুন ধরে যায়। রোগী ও স্বজনরা আতঙ্কে হুড়োহুড়ি করতে থাকে। সঙ্গে সঙ্গেই রোগীদের পাশের পোস্ট সিসিইউতে সরিয়ে নেওয়া হয়।”

ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।

বরিশাল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, “৯৯৯ থেকে কল করে মেডিকেলে অগ্নিকাণ্ডের খবর জানানো হয়েছিল। পরপরই আগুন নিভে যাওয়ার খবর জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তাই মেডিকেলে ফায়ার সার্ভিসের কোনো দল পাঠানো হয়নি।”

হাসপাতালের পরিচালক এমএইচএম সাইফুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত। বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আগেই হাসপাতালের কর্মীরা নিজস্ব ব্যবস্থাপনায় স্বল্প সময়ের মধ্যেই আগুন নেভাতে সক্ষম হয়।

রোগী মৃত্যুর বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “ওই রোগী আগে থেকেই মুমূর্ষু অবস্থায় ছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত। অগ্নিকাণ্ডের সঙ্গে ওই রোগীর মৃত্যুর কোনো সম্পৃক্ততা নেই।”