২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

বিজয় উদযাপনে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2021, 12:26 AM

Updated : 10 Oct 2022, 06:28 PM

বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানাবেন।

বুধবার ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন।

বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নিচ্ছিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এবার জাতীয় স্মৃতি সৌধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ আগেই শেষ হয়েছে। সৌধ স্তম্ভের উঁচু চূড়া থেকে শুরু করে শহীদ বেদী ও পায়ে চলার পথসহ পুরো এলাকা ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে।

স্মৃতিসৌধের ভিতর ও বাইরের অংশের সীমানা প্রাচীর ও ফটকসহ বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে লাল, নীল, সবুজ বাতির বর্ণিল আলোকসজ্জার।

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত মহাসড় সাজানো হয়েছে বর্ণিল সাজে। দুই পাশে নানা ছবি সম্বলিত নানান ব্যানার ফেস্টুনও সোভা পাচ্ছে।

সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, সৌধ চত্বর এলাকাজুড়ে ধোঁয়ামোছা ও অন্যান্য সৌন্দর্য বর্ধনের কাজ সম্পন্ন হয়েছে। করোনা মহামারীর কারণে জাতীয় স্মৃতিসৌধ বন্ধ থাকায় এবার দুমাস আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রায় শতাধিক শ্রমিক মাসব্যাপী এ কাজ করেছে।

তিনি আরও বলেন, তবে ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দেশি-বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বুধবার বেলা ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন বলে জানান তিনি।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলা হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবারও প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সৌধ এলাকায় নিরাপত্তা চৌকি, পর্যবেক্ষণ টাওয়ারসহ বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

সাদা পোশাকে পুলিশের নজরদারী বাড়নোসহ নিরাপত্তার স্বার্থে সৌধের আশপাশের চলাচলকারীদেরও তল্লাশি করা হচ্ছে বলে তিনি জানান।

ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রতি বছরের ন্যায় এবারও প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নিরাপত্তা জোরদার করতে স্মৃতিসৌধ এলাকাজুড়ে সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা চৌকির ব্যবস্থা করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

তবে করোনা মহামারীর কারণে স্মৃতিসৌধে আগত সকলকে মাস্ক পরিধানসহ স্বাধ্যবিধি মনে চলার পরামর্শ দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।