নদী দূষণের দায়ে না’গঞ্জের ৬ কারখানার গ্যাস-বিদ্যুৎ বিচ্ছিন্ন
শীতলক্ষ্যা নদী দূষণের দায়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার ছয়টি কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
অধিদপ্তরের নারায়ণগঞ্জ অফিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইসদাইর, ফতুল্লা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া কারখানাগুলো হলো সদর উপজেলার ইসদাইর এলাকার বি এল ওয়াশিং, লোকনাথ ডাইং অ্যান্ড ওয়াশিং, সোনালী ওয়াশিং, এন এ ডাইং, মজুমদার ওয়াশিং এবং এ এফ লন্ড্রী।
আব্দুল্লাহ আল মামুন বলেন, কারখানাগুলো দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র এবং দূষণ নিয়ন্ত্রণে তরল বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি স্থাপন ছাড়াই পরিচালিত হয়ে আসছিল।
“এর আগেও কারখানাগুলোকে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা ক্ষতিপূরণ ধার্য ও আরোপ এবং ইটিপি স্থাপনের নির্দেশনা প্রদান করে। কিন্তু নির্দেশনা না মেনে অব্যাহতভাবে পরিবেশ দূষণ করে আসছিল কারখানাগুলো।”
তিনি বলেন, কারখানাগুলোর মধ্যে বিএল ওয়াশিং, এন এ ডাইং, মজুমদার ওয়াশিং, লোকনাথ ডাইং কারখানাগুলো আবাসিক ভবনের নিচলায় স্থাপন করা হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিপুল সংখ্যক পুলিশ, ডিপিডিসির বিদ্যুৎ বিচ্ছিন্নকারী দল, তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্নকারী দল এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
