যশোরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগ বন্ধ
যশোরের বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় যশোর জংশনে ট্রেনটি এই দুর্ঘটনায় পড়ে বলে এর চালক রবিউল ইসলাম জানান।
তিনি বলেন, বেনাপোল থেকে ট্রেনটি বিকেল ৫টার দিকে খুলনার উদ্দেশে রওনা হয়। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে যশোর স্টেশনে প্রবেশ করার সময় মেইন লাইন থেকে ৩ নম্বর লাইনে উঠতে গিয়ে দ্বিতীয় বগির কপলিংক ভেঙে যায়। এতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, রেলক্রসিংয়ের ওপর ট্রেনের বগি আটকে থাকায় যশোর থেকে চাঁচড়ায় চলাচলের সড়কটিও পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
রাত ৮ টার দিকে স্টেশন মাস্টার বলেন, খুলনা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। পাশাপাশি বেনাপোল থেকে আরেকটি ইঞ্জিন আনা হচ্ছে। উদ্ধারকারী ট্রেন ও ইঞ্জিন আসার পর লাইন ক্লিয়ার হবে।
তিনি বলেন, ট্রেনটি যেহেতু যশোর জংশনের মাত্র কয়েকশ গজের ভেতর লাইনচ্যুত হয়েছে, এ কারণে এর গতি অনেক কম থাকায় তেমন কোনো সমস্যা হয়নি।
সাইফুল ইসলাম নামে একজন যাত্রী বলেন, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় প্রচণ্ড ঝাঁকুনির সৃষ্টি হয়। অনেক যাত্রী হুড়োহুড়ি করে নামতে থাকেন। অনেকের লাগেজ ও মালপত্র খোয়া যায় বলে তিনি জানান।
রাত ৮টা ৪০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাইনচ্যুত বগি উদ্ধার হয়নি।
