জাবিতে ভর্তি: প্রতি আসনে লড়বে ১৬৩ জন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে তিন লাখ আট হাজার ৬০৬ জন আবেদন করেছেন। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬৩ জনের মতো।
মঙ্গলবার শুরু হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মহিউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার।
“রোববার (৭ নভেম্বর) ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল; কিন্তু ধর্মঘটের কারণে পরীক্ষার তারিখ পেছানো হয়।”
নতুন নিয়মে ভর্তি পরীক্ষা
সকল ইউনিটের ভর্তি পরীক্ষা ৬০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, যেখানে পরীক্ষার সময় ৪০ মিনিট। উক্ত ৬০ নম্বরকে ৮০ নম্বরে রূপান্তর করে ফলাফল প্রকাশ করা হবে বলে জানান মহিউদ্দিন।
বিগত বছরগুলোতে ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হতো।
ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য www.juniv-admission.org ওয়েবসাইট থেকে জানা যাবে।
