২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সমুদ্রে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজারের সমুদ্রে নেমে এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2021, 05:53 PM

Updated : 07 Apr 2022, 11:44 PM

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, রোববার দুপুরে সৈকতের সী-গাল পয়েন্ট এ ঘটনা ঘটে।

নিখোঁজ মো. সাইফুল ইসলাম (১৮) কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিম পাড়ার মো. নাছির উদ্দিনের ছেলে।

মহিউদ্দিন বলেন, দুপুরে সী-গাল পয়েন্টে ছয় জন বন্ধু মিলে সাগরে গোসল করতে নামেন। এ সময় সাগরে ভাটার টানে একজন ভেসে যান। পরে খবর পেয়ে স্থানীয় লাইফ গার্ড কর্মীরা তাকে উদ্ধারে চেষ্টা চালিয়েও উদ্ধারে ব্যর্থ হন।

নিখোঁজ তরুণের বন্ধু মো. তারেকুল ইসলাম বলেন, সকালে চকরিয়া উপজেলার হারবাং এলাকা থেকে ২০ জন বন্ধু মিলে মাইক্রোবাসযোগে কক্সবাজার বেড়াতে আসেন। সেখানে পৌঁছে তারা প্রথমে ইনানী ও হিমছড়ি ঘুরতে যান। পরে দুপুরে কক্সবাজার সৈকতে ঘুরতে আসেন।

"সৈকতে ঘোরাঘুরির এক পর্যায়ে ছয় বন্ধু মিলে সাগরে গোসল করতে যাই। এ সময় সৈকতে সতর্কতামূলক লাল পতাকা উড়তে দেখে পাঁচ বন্ধু সাগরে নামতে অসম্মতি জানান। কিন্তু সাইফুল ইসলাম বন্ধুদের কথা অমান্য করে গোসলে নামে। এক পর্যায়ে স্রোতের টানে পানিতে ডুবো ডুবো অবস্থায় হাত উঁচিয়ে ভেসে যেতে থাকে।"

তারিকুল আরও বলেন, "এ বিষয়টি ঘটনাস্থলের অদূরে অবস্থান করা স্থানীয় লাইফ গার্ড কর্মীদের অবহিত করা হয়। তারা একটি স্পিডবোট নিয়ে সাইফুলকে উদ্ধার করতে ব্যর্থ হয়।"

অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন জানান, নিখোঁজ যুবকের সন্ধানে লাইফ গার্ড কর্মীদের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।