রংপুরে প্রায় ৪ কেজি হেরোইনসহ দুইজন আটক
রংপুরে প্রায় চার কেজি হেরোইনসহ দুইজনকে আটক করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব ১৩-এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস জানান, র্যাবের একটি বিশেষ অভিযানিক দল মঙ্গলবার বিকালে গাইবান্ধা থেকে তাদের আটক করে।
আটক আল আমিন (২২) ও নয়নের (২০) বাড়ি রাজশাহী বলে জানালেও র্যাব তাদের ঠিকানা বলেনি।
র্যাব কর্মকর্তা রেজা বলেন, গোপন খবরের ভিত্তিতে জরুরি চেকপাস্ট বসিয়ে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছে তিন কেজি ৮০০ গ্রাম হেরোইন পাওয়া গেছে। তাদের আটকের পাশাপাশি ট্রাকটি জব্দ করেছে র্যাব।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছুদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা প্রায়ই বিভিন্ন যানবাহনে করে রাজশাহী থেকে মাদকদ্রব্য গাইবান্ধা ও রংপুরসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।”
তাদের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
