রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে আরও ১০ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে।
একই সময় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চারজন এবং কোভিড পরবর্তি স্বাস্থ্য জটিলতায় তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটে এদের মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন, নওগাঁর দুইজন ও পাবনার তিনজন। এদের মধ্যে পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী।
এদের মধ্যে তিনজনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে তিনজন এবং ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে দুইজন।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ২৯ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৭ জন।
বুধবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটের ৫১৩ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৬৩ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন।
কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৯২ জনের করোনাভাইরাস পজিটিভ। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১০৫ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কোভিডমুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতা নিয়ে চিকিৎসাধীন ৬৬ জন।
পরিচালক জানান, মঙ্গলবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩১৬ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। শনাক্তের হার ২৮ দশমিক ৮০ শতাংশ। সোমবার ছিল শনাক্তের হার ছিল ২৩ দমশিক ১০ শতাংশ।
