২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাফটকে ইয়াবাসহ কারারক্ষী গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান গেটে ১৮৭টি ইয়াবাসহ এক কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2021, 12:52 PM

Updated : 07 Apr 2022, 11:18 PM

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের সময় কারাফটকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার শাহিনুল ইসলাম (২৮) ঢাকার ধামরাই থানার রাধানগর এলাকার আব্দুল জলিলের ছেলে। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কারারক্ষী হিসেবে প্রায় তিন বছর ধরে কর্মরত আছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার আব্দুল জলিল জানান, শাহিনুল বৃহস্পতিবার রাতের পালায় (৯টা-১১টা) কারাগারে ডিউটি করতে গেলে নিয়মানুযায়ী কারাগারের ভেতরে প্রবেশের আগে তার শরীরে তল্লাশি করা হয়।

এ সময় স্কচটেপ দিয়ে তার শরীরের সঙ্গে আটকানো অবস্থায় ১৮৭টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে কোনাবাড়ি থানায় খবর দিলে রাত সোয়া ১০টার দিকে পুলিশ কারারক্ষী শাহিনুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় কারাগারের সহ-প্রধান কারারক্ষী মোহাম্মদ আলী বাদি হয়ে কোনাবাড়ী থানায় মাদক মামলা করেছেন বলে জানান জলিল।

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার ওসি মো. আবু সিদ্দিক জানান, শাহিনুল কারাগারের ভেতরে কোন আসামিকে ওই মাদক সরবরাহ করতেই লুকিয়ে ভেতর নেওয়ার চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

এ মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে শাহিনুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।