গাজীপুরে কভার্ড ভ্যানের ধাক্কায় বাইকচালক নিহত
গাজীপুর শহরে কভার্ড ভ্যানের ধাক্কায় এক মটরসাইকেল চালক নিহত হয়েছেন; তাছাড়া আহত হয়েছেন আরও একজন।
শহরের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার রাত পৌনে ৯টার দিকে তারা হতাহত হন বলে সদর থানার এসআই মঞ্জুর মিয়া জানান।
নিহত মেহেদি হাসান মেরিন (৩০) সদর উপজেলার পশ্চিম ভুরুলিয়া এলাকার মো. শান্ত শেখের ছেলে।
আহত হয়েছেন তার সহকর্মী হুমায়ুন কবির (২৪)। পুবাইল থানার হারবাইদ এলাকার জিতু মিয়ার ছেলে তিনি।
এসআই মঞ্জুর বলেন, মেহেদি ও হূমায়ুন সালনা এলাকায় রাগাডী টেক্সটাইল মিলস নামে একটি কারখানায় চাকরি করেন। কারখানা ছুটি শেষে তারা মটরসাইকেলে গাজীপুর শহরের দিকে যাওয়ার পথে কভার্ড ভ্যানটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা আহত হন। এলাকাবাসী তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মেহেদিকে মৃত ঘোষণা করেন।
আহত হুমায়ুন কবিরকে ওই হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান এসআই মঞ্জুর মিয়া।
