কুষ্টিয়ায় কোভিডে মারা গেল আরও ৪ জন
দক্ষিণ-পশ্চিম সীমান্তের জেলা কুষ্টিয়ায় লকডাউনের মধ্যে এক দিনে আরও চার জন মারা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. এইচ এমন আনোয়ারুল ইসলাম মঙ্গলবার একথা জানান।
এদিকে, রোববার রাত ১২টায় শেষ হওয়া লকডাউন আগামী ১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করে ফের গণবিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসন।
সিভিল সার্জন জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জেলায় ৫৪৫টি নমুনা পরীক্ষায় ১৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ শতাংশ।
“এই সময়ের মধ্যে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৪ রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মারা গেল ২০৩ জন।”
কোভিড ডেডিকেটেড ঘোষিত ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, বর্তমান হাসপাতালে কোভিড শনাক্ত ১৯৬ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এসব রোগীর অক্সিজেন সাপোর্টে বর্তমানে ৫শ সিলিন্ডর হাতে আছে।
“ভর্তি রোগীদের চিকিৎসা সেবায় অক্সিজেনসহ অন্যান্য প্রাসঙ্গিক চিকিৎসা সরঞ্জামের ঘাটতি এখনও রয়েছে। অধিক সংখ্যক রোগীর চাপ সামলাতে বাড়তি অক্সিজেনের যোগান দিতে কর্তৃপক্ষ কাজ করছে।”
তিনি আরও বলেন, কোভিডের ডেল্টা ধরন কমিউনিটি পর্যায়ে ঊর্ধ্বমুখী সংক্রমণ ছড়িয়ে পড়ায় হাসপাতালগামী রোগীর সংখ্যা প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ছে।
অন্যান্য রোগের ক্ষেত্রে জরুরি বিভাগে সীমিত সংখ্যক রোগী ব্যতীত হাসপাতালের অন্য রোগীদের কুষ্টিয়া ডায়াবেটিক হাসপাতাল ও আদ-দ্বীন হাসপাতালে সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান এই চিকিৎসক।
লকডাউন কার্যকর করার জন্য পুলিশ শহরের বিভিন্ন প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে।
