খুলনা বিভাগে এক দিনে কোভিডে আরও ৩২ মৃত্যু
খুলনা বিভাগে করোনাভাইরাসে এক দিনে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা মারা যান বলে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান।
তিনি বলেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি যশোরে মারা গেছেন আটজন। তাছাড়া বাগেরহাটে পাঁচজন, খুলনায় চারজন, কুষ্টিয়ায় চারজন, নড়াইলে তিনজন, মেহেরপুরে দুইজন, চুয়াডাঙ্গায় দুইজন, মাগুরায় দুজন, ঝিনাইদহে একজন এবং সাতক্ষীরায় একজন মারা গেছেন।
বিভাগে মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ৫৪ হাজার ৯৯৮ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন জানিয়ে রাশেদা সুলতানা বলেন, তাদের মধ্যে মারা গেছেন এক হাজার ৪৩ জন। সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৪৩৭ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় শনাক্ত হয়েছেন ৩৭৮ জন। শুরু থেকে এ পর্যন্ত জেলায় শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৩২১ জন। মোট মারা গেছেন ২৫০ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৫৮ জন।
