২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় তিন ‘আন্তঃজেলা ডাকাত’ গ্রেপ্তার

সিসিটিভি ফুটেজে চুরির ঘটনা পর্যবেক্ষণ করে বগুড়ায়ে পুলিশ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যাদের ‘আন্তঃজেলা ডাকাত’ দলের সদস্য বলা হচ্ছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2021, 11:02 PM

Updated : 07 Apr 2022, 11:07 PM

বুধবার গভীর রাতে শেরপুর উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বগুড়া আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তাদের কাছ থেকে চুরি করা দশ হাজার টাকার মালামাল, নগদ ৪৮০০ টাকা ও একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে।

গ্রেপ্তাররা হলেন শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামের রুবেল হোসেনের ছেলে মনির হোসেন (২৮), ধড়মোকাম গ্রামের খাদেমুল ইসলামের ছেলে শেখ সাদী (২৯) ও কুসুম্বী ইউনিয়নের মধ্যজামুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আজিজুল হক (২৭)।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, গত ১৫ মে উপজেলার শেরুয়া বটতলা বাজারের পলাশ মার্কেটে আরিফুল ইসলামের মালিকানাধীন একটি দোকানে চুরি হয়। পরদিন ওই ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ করেন।

“তদন্তের এক পর্যায়ে মার্কেটের সিসিটিভি ফুটেজ দেখে এই চুরির সঙ্গে জড়িত আজিজুল হক নামের ওই ব্যক্তিকে শনাক্ত করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে তার দেওয়া তথ্য অনুযায়ী অন্যদেরও ধরা হয়।”

তিনি জানান, এরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। গ্রেপ্তার হওয়া মনির ও শেখ সাদীর বিরুদ্ধে তিনটি করে চুরি-ডাকাতির মামলা বিচারাধীন রয়েছে।