যশোরে কোয়ারেন্টিনে আক্রান্ত ভারতফেরত ৩ জন
যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ছয় মাস বয়সী এক শিশুও আছে।
বুধবার সন্ধ্যায় তাদের যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।
যশোর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রেহনেওয়াজ রনি বলেন, “কোয়ারেন্টিনের ১৪তম দিন মঙ্গলবার [১৮ মে] ভারতফেরত যাদের করোনার নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছিল তাদের মধ্যে তিন জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।”
তিনি জানান, এর মধ্যে বেনাপোলে নিশাত হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা সাড়ে ১০ বছর বয়সী ক্যান্সার রোগীর করোনা শনাক্ত হয়। তার সঙ্গে থাকা মা ও মামার নমুনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে।
এছাড়া যশোর বক্ষব্যাধি হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা এক নারী (২৩) ও তার ৬ মাস বয়সী শিশুর শরীরেও করোনা শনাক্ত হয়েছে বলে জানান রেহনেওয়াজ।
তিনি আরও জানান, ক্যান্সার রোগী ওই শিশুর মা আক্রান্ত না হলেও সন্তানের সঙ্গে তিনি হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে অবস্থান করছেন।
এই বিষয়ে যশোরের সিভিল সার্জন শেখ শাহীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা যখন এখানে এসেছে তখন করোনাভাইরাস শনাক্ত হয়নি। এখন হয়েছে। এখানে কোয়ারেন্টিনে যারা আছেন তাদের কেউ পজিটিভ নন। তাই কীভাবে তারা সংক্রমিত হয়েছেন তা তো বলা যাচ্ছে না।
